গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারুক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে, সকাল ৯টার দিকে উপজেলার জৈনা বাজার–কাওরাইদ আঞ্চলিক সড়কের কাশিমপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া (৩০)। সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কুয়াশার সময় মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি সিএনজির সঙ্গে ফারুকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।”
Leave a Reply