লক্ষ্মীপুর সদর উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ মোট ৬১ হাজার ভাতাভোগীর লাইভ ভেরিফিকেশন (যাচাই-বাছাই) কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে উপজেলার সাতটি ইউনিয়নে এই কাজ চলমান রয়েছে।
এই ভেরিফিকেশনের অংশ হিসেবে দক্ষিণ হামছাদী ইউনিয়নেও ভাতাভোগীদের তথ্য যাচাই করা হচ্ছে।
সদর উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়ন প্রশাসক মো. শরীফ হোসেন বলেন, “লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রায় ৬১ হাজার ভাতাভোগী রয়েছেন। কিন্তু তথ্যের ঘাটতির কারণে মৃত ভাতাভোগী, পুনর্বিবাহিত বিধবা ও ভুয়া ভাতাভোগীদের সঠিক তথ্য পাওয়া যায় না। তাই আমরা ওয়ার্ডভিত্তিক লাইভ ভেরিফিকেশন চালু করেছি।”
এই যাচাইয়ে উপস্থিত থাকতে হয় ভাতাভোগীকে। সঙ্গে আনতে হয় বিকাশ একাউন্ট নম্বর, ভাতার বই এবং জাতীয় পরিচয়পত্রের কপি।
সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, যাচাই শেষে যাঁরা ভাতা পাওয়ার অযোগ্য প্রমাণিত হবেন, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে নতুন করে আবেদন করা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
উপজেলা সমাজসেবা অফিসার আরও বলেন, “ভাতা প্রাপ্তি বা যাচাই প্রক্রিয়ায় কারও সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবেন না। এ বিষয়ে উপজেলা প্রশাসন শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতা কামনা করছি।”
Leave a Reply