1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে পাঠদান চলাকালে হামলা, আটক এক যুবক - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে পাঠদান চলাকালে হামলা, আটক এক যুবক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এক যুবকের হামলায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত যুবক সুমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক ও এলাকাবাসী জানান, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। এদিনও তিনি মাদকাসক্ত অবস্থায় বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। বাথরুম ব্যবহারের অজুহাতে ভেতরে ঢুকে প্রথমে লাইব্রেরিতে গিয়ে গালমন্দ শুরু করেন। পরে হঠাৎ করেই শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

এ সময় শিক্ষকদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারধর করা হয়। আহতদের মধ্যে শিক্ষক শারমিন আক্তার, সেতারা পারভিন, শিক্ষার্থী রেদোয়ান হাসান রুপম, মো. ইয়াছিন ও অনুশ্রী রানী দাসসহ অন্তত ১৫ জনকে সদর হাসপাতাল ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, ‘পাঠদান চলাকালে হঠাৎ এক যুবক এসে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে শিক্ষক ও অন্য শিক্ষার্থীরাও আহত হয়েছেন। বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেছে। আমরা আতঙ্কে আছি।’

ঘটনার পর বিদ্যালয়ের পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে।’

স্থানীয় ইউএনওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বিদ্যালয়ে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখ জনক। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’

সুমন হোসেন উত্তর মজুপুর এলাকার গনি মিয়া মেস্তুরি বাড়ির ফয়েজ আহমেদের ছেলে। এলাকাবাসীর ভাষ্য, তিনি আগে থেকেই এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com