চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারে নকল চাল ও কেমিক্যাল রং মেশানো মরিচের গুঁড়া বিক্রয়ের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি যৌথ টিম এ তদারকি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, বাজারের কিছু প্রতিষ্ঠান “ফরচুন” ব্র্যান্ডের নকল চাল বিক্রি করছে এবং “কাশ্মীরি মরিচ” নামে কেমিক্যাল রং মিশ্রিত মরিচের গুঁড়া বাজারজাত করছে। এসব অনিয়মের কারণে দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে এবং একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ক্যামেরাম্যান মোঃ আফতাবুজ্জামান।
ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply