শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী -ঢাকা রুটে বন্ধ হওয়া বাস চলাচল শুরু করেছে৷ মঙ্গলবার দুপুর ২ টা থেকে মালিক পক্ষ ও শ্রমিক নেতাদের আশ্বাসে চলাচল শুরু করেছে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী সব বাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল থেকে বিভিন্ন কোম্পানীর বাস গুলো ছাড়তে দেখা যায়৷ গত রবিবার রাত ৯ টা থেকে ঢাকা অভিমুখী রাজশাহীর সব বাস বন্ধ ছিল৷ তবে শুধুমাত্র ঢাকার একতা ট্রাভেলস চলাচল অব্যাহত ছিল।
হানিফ পরিবহন দুপুর ২ টা, দেশ ট্রাভেলস দুপুর ৩ টা এবং ন্যাশনাল ট্রাভেলস রাত থেকে চলবে বলে তাদের কাউন্টার থেকে জানা যায়। অন্যান্য বাসগুলোও বিভিন্ন সময়ে ছেড়ে যাচ্ছে এবং যাবে বলে জানা যায়।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, আগামী ২১ সেপ্টেম্বর মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠকের মাধ্যমে একটি সুন্দর সমাধান হবে বলে আশা করছি। শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকপক্ষ মেনে নেবেন বলেও আশা করছি।
ন্যাশনাল ট্রাভেলস’র ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, আগামী ২১ সেপ্টেম্বর মালিক শ্রমিক বৈঠক হবে। সেখানে সমস্যার সমাধান হবে আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরেছে।
এর আগে রাজশাহী থেকে ঢাকাগামী শুধু মাত্র একতা পরিবহন ব্যতীত যাত্রীবাহী বাসের চালক, সুপারভাইজার ও সহকারিরা মজুরি বৃদ্ধির দাবিতে রোববার রাত নয়টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়, এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা বাসের স্টাফদের মজুরি খুব কম। ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী-ঢাকা যাওয়া আসায় চালকদের প্রতি ট্রিপে বেতন দেয় ১১০০ টাকা। সুপারভাইজারদের দেয় ৫০০ টাকা ও চালকের সহকারিকে দেওয়া হয় ৪০০ টাকা। এছাড়াও দেশ ট্রাভেলসে চালকদের দেওয়া হয় ১২০০ টাকা বেতন। চালকদের বেতন ২০০০ টাকা এবং আনুপাতিক হারে সুপারভাইজার ও চালক সহকারিদেরও মজুরি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।
Leave a Reply