ময়মনসিংহ কমার্স কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণে শিক্ষার্থীদের প্রতি মেধা, নৈতিকতা ও দৃঢ় চরিত্র গঠনের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। শনিবার (২২ নভেম্বর) নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবীনদের উদ্দেশে বলেন,শিক্ষার্থীদের শুধু জ্ঞানে নয়, নৈতিকতায় ও সৎ আচরণে নিজেকে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ সমাজ আপনাদের হাতেই নির্মিত হবে।
পুলিশ সুপার শিক্ষার্থীদের সততা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধকে জীবনের মূল শক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে সঠিক মূল্যবোধে শিক্ষিত হতে হবে। প্রযুক্তি জানবেন, কিন্তু চরিত্র হবে অটুট। মেধা ও নৈতিকতার সমন্বয়েই প্রকৃত মানুষ হওয়া সম্ভব।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের অনলাইন–ঝুঁকি, মাদক, সহিংসতা ও অপরাধপ্রবণতা থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, প্রলোভন যেকোনো সময় আসতে পারে, কিন্তু দৃঢ় নৈতিকতা আপনাদের সঠিক পথে রাখবে। ভুল বন্ধুত্ব, ভুল পরিবেশ ও ভুল ব্যবহার—সবই জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শুরুতেই সঠিক পথ বেছে নিতে হবে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ এখলাছ উদ্দিন খানের সভাপতিত্বে এবং কলেজের শিক্ষক নাহিদ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, কলেজ চেয়ারম্যান আবু মোঃ সায়েম ও পরিচালক ফারজানা ইসলাম। বক্তারা নবীনদের আত্ম-উন্নয়ন, শৃঙ্খলা, নিয়মিত পড়াশোনা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠার তাগিদ দেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে হলে শিক্ষার্থীদের চরিত্র ও মূল্যবোধের উন্নয়ন সবচেয়ে বড় ভিত্তি।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক–শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply