জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সদর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আশিকিন আলম (রাজন) ময়মনসিংহে তরুণ নেতৃত্বের বিকাশে আশার আলো জ্বালিয়েছেন।
১৯৯২ সালে ময়মনসিংহের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা আশিকিন আলমের পিতা একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকেই আদর্শ, সততা ও দেশপ্রেমে বেড়ে ওঠা রাজন শিক্ষাজীবনে ছিলেন মেধাবী ও উদ্যমী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এবং জাতীয় পর্যায়ের ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৩ সালে ইসলামী রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে উলামা-মাশায়েখদের ডাকা অর্ধদিবস হরতালে সক্রিয় অংশগ্রহণের কারণে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে ছয় মাস কারাভোগ করেন।
শিক্ষা জীবন শেষে তিনি সিটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেন এবং কর্পোরেট ও ইনভেস্টমেন্ট বিভাগে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে তাঁর দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ হংকং ভিত্তিক ‘দি এসেট ট্রিপল এ’ পুরস্কারে আন্তর্জাতিক সেরা এসএমই ব্যাংকার হিসেবে সম্মানিত হন। পরবর্তীতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IDB) থেকে ইসলামিক ট্রেড ফাইন্যান্সিং বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মালয়েশিয়ার ইসলামিক ফাইন্যান্স রোড শো-তে উপদেষ্টা হিসেবে অংশ নেন।
বর্তমানে আশিকিন আলম ঢাকায় একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উদ্যোগেই দেশে প্রথমবারের মতো একটি বৃহৎ স্টার্ট-আপে ইসলামিক ফাইন্যান্স মডেল চালু হয়।
ব্যক্তিগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রৌনক-এর সঙ্গে বিবাহিত, যিনি বর্তমানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
রাজনীতি সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরে আশিকিন আলম (রাজন) বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তরুণ সমাজের ভূমিকা অপরিহার্য। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে জনগণের পাশে থেকে ময়মনসিংহকে একটি পরিকল্পিত নগর ও ‘গ্রীন সিটি’ হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন,“নাগরিক সমস্যা দূরীকরণ, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, মাদকমুক্ত নগর ও অপরাধ নির্মূলে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে কাজ করব। খুব শীঘ্রই আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে।”
Leave a Reply