ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ভরাডুবি হয়েছে। পাসের হার নেমে এসেছে ৫১ দশমিক ৫৪ শতাংশে, যা গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ কম। আরও হতাশার বিষয় হলো—বোর্ডের অধীনে ১৫টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ।
তিনি জানান, বোর্ডের চার জেলার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন। এদের মধ্যে জিপিএ–৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী, যা গত বছরের (৪ হাজার ৮২৬) তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
চার জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় পাসের হার সর্বোচ্চ ৫৫.৪৬ শতাংশ, এরপর শেরপুরে ৪৮.৬৯ শতাংশ, জামালপুরে ৪৭.৪১ শতাংশ এবং নেত্রকোনায় ৪৭.৩৯ শতাংশ। বিভাগভিত্তিক পাসের হার—বিজ্ঞান বিভাগে ৭৬.৯০, মানবিকে ৪৫.৬৪ ও ব্যবসায় শিক্ষায় ৪১.১২ শতাংশ।
অধ্যাপক শহিদুল্লাহ বলেন, “যেসব প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য হয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্লাসে অনিয়মিত এবং পড়াশোনায় অনাগ্রহের কারণে ফল খারাপ হয়েছে। আগামীতে এই অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
অন্যদিকে, নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এবারও ভালো ফলাফল ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির ১,৩৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১,৩০২ জন, আর জিপিএ–৫ পেয়েছে ৩৯৮ জন।
শিক্ষার্থী সিফাত উল্লাহ বলেন, “বরাবরের মতো আমাদের কলেজ ভালো করেছে। আমি জিপিএ–৫ পেয়েছি, এজন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
কলেজের শিক্ষক এনায়েতুর রহমান বলেন, “বোর্ডে সামগ্রিক ফলাফল খারাপ হলেও আমাদের কলেজের অবস্থান সন্তোষজনক। তবে আরও উন্নতির জন্য শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।”
Leave a Reply