ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, নির্বাচন কমিশনের প্রথম খসড়া তালিকায় বিজয়নগরের হরষপুর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়। এ নিয়ে কমিশনে শুনানির সময় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রুপ ও এনসিপি নেতা মো. আতাউল্লাহর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে হরষপুর ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাখা হলেও চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বিজয়নগরবাসী।
বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, “বিজয়নগরকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের মানুষ। একই সঙ্গে তারা উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন।” তিনি এ সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান।
অবরোধ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
Leave a Reply