চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনয়নপ্রত্যাশী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম বলেছেন- বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল। জনগণের মুক্তির জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচিই এই দেশকে সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যাবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কালাবিবি দীঘি মোড় এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবে। দেশের স্বার্থে ও দলের স্বার্থে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট। আমি এলাকার মানুষের সাথে আছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে এই আনোয়ারা-কর্ণফুলী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
খোরশেদুল আলম বলেন, রাজনীতির নামে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা যাবে না। রাজনীতির নামে জমি দখল করা যাবে না। কেউ এসব অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ডা. বাবর, মোহাম্মদ রাশেদ, আবু তাহের, মাওলানা আবুল বশর, এনাম, মানিক, জাহেদ, উপজেলা কৃষকদল সদস্য রাশেদ, উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মামুন, সোলেমান, সুমন, মো. জামালসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply