বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে ও উন্নয়নমূলক কার্যক্রম তথা ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, কাঁচা রাস্তা পাকা করা, চলমান রাস্তার মান উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, খাল ও ড্রেনেজ ব্যবস্থার পূণ:সংস্কার ও নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার মানোন্নয়ন, বৈদ্যুতিক সমস্যা নিরসন, সমগ্র সিটি কর্পোরেশন এলাকায় সড়ক বাতি প্রতিস্থাপন, বর্ধিত এলাকা সহ সমস্ত সিটি কর্পোরেশনে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থার মান উন্নয়ন, সর্বোপরি সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের নাগরিক সেবা দিতে উন্নয়নমূলক কার্যক্রমের লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের সচিব ও সকল প্রকৌশলীবৃন্দ। সভায় মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, কাউন্সিলর এবং প্রকৌশলীবৃন্দ সহ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে সকলকে সুশৃংখল ও শান্তিপূর্ণ ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও যে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে সকলকে সাবধান করে দেন। অন্যায় ও অনিয়মকারীকে আইন অনুযায়ী বিচারের সম্মুখীন করা হবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করে।
Leave a Reply