বরিশালে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে নৌ র্যালি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশালের আয়োজনে নগরীর ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, নৌ পুলিশ সুপার বরিশাল অঞ্চল এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইনসহ আরো অনেকে। এ সময় র্যাব-৮, নৌ বাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়নে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ। বরিশাল জেলায় মা ইলিশ রক্ষার্থে অভিযান পরিচালনা ও সার্বক্ষণিক নদী পাহারা নিশ্চিত করার জন্য ৫৪টি টিম কাজ করবে। ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ইলিশ আহরণে বিরত থাকতে জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৬৬৫২৪ জেলে পরিবারের জন্য ২৫ কেজি হারে মোট ১৬৬৩.১০০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
Leave a Reply