সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পিরোজপুরের সন্ধ্যা নদীতে যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা অংশ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম। অভিযানকালে সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে এসব জাল উপজেলার আমড়াঝুড়ি এলাকার নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এ বছরও সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত নৌবাহিনী মোট ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ কোটি ৩৪ লাখ টাকা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় ২২ দিনব্যাপী অভিযান চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা পিরোজপুর, বরগুনা ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply