ডেঙ্গু প্রতিরোধে ২০০ দরিদ্র মানুষের মাঝে মশারি এবং জনসচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। গতকাল সকালে নগর ভবন প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে এ সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র এবং পরবর্তীতে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন তিনি।
ইউএস সিডিসির অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পরিচালিত এ ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রমে মশারি বিতরণের পাশাপাশি জুলাই থেকে সেপ্টেম্বর মাসব্যাপী ১০ হাজার বাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল খোঁজা হবে এবং সচেতনতা বৃদ্ধিতে লিফলেট প্রদান করা হবে।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। আমাদের বাসা-বাড়িতে এবং তার আশেপাশে জমে থাকা পরিস্কার পানিতে এডিস মশার লার্ভা বংশ বিস্তার করতে পারে। তাই ব্যক্তি সচেতনতার কোন বিকল্প নেই।জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, মাইকিং, বাসা-বাড়িতে ক্যাম্পেইন সহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এর পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চলমান রয়েছে। আশা করা যায় সকলের সহযোগিতায় এ বছরও ডেঙ্গুমুক্ত থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা। এ সময় উপস্থিত ছিলেন, মসিকের প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, ইউএস সিডিসি প্রকল্পের ম্যানেজার ডাঃ ওবায়দুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, মসিকের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ ।
Leave a Reply