টাঙ্গাইলে অতিরিক্ত দামে বিক্রি করায় শহরে চারটি ডাবের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ডেঙ্গু জ্বরের ভয়াবহ বিস্তারের সময়ে ডাবের উচ্চমূল্যের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানে খুচরা বিক্রেতাদের মাত্রাতিরিক্ত মুনাফা করার চিত্র উঠে আসে। ডেঙ্গু রোগীদেরকে ডাবের পানি পান করানোর প্রবণতা আছে। অভিযোগ আছে, বিক্রেতারা এই বিষয়টি জেনে একজোট হয়ে দাম বাড়িয়ে দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বাজার তদারকিমূলক এ অভিযান চালানো হয়।
শিকদার শাহীনুর আলম জানান, শহরের বটতলা, পাঁচআনি ও জেনারেল হাসপাতালের সামনে ডাবের দোকানে অভিযান চালানো হয়। এরমধ্যে বটতলা বাজারে ডাব বিক্রির মূল্য তালিকা না থাকা ও বেচাকেনার রশিদ সংরক্ষণ না করায় অনিক ফল ভান্ডারকে দুই হাজার টাকা, পাঁচআনি বাজারে সোহরাবের ডাবের দোকানকে তিন হাজার টাকা, জেনারেল হাসপাতালের সামনের রাসেল ফল ভান্ডারকে ৫০০ টাকা ও ফরিদ ডাব ঘরকে ৫০০ টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের সহায়তায় চালানো এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply