ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ রোববার (২৯ জুন) সকালে ঝিনাইদহ জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এ কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, কামরুজ্জামান পিন্টু, কামরুল আব্দুল্লাহ ও এনজিও কর্মী শরিফা খানম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে তাদের এ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply