1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে জলাবদ্ধতায় অনাবাদি ৩ হাজার একর জমি, খাল সংস্কারের দাবিতে মানববন্ধন - দৈনিক আমার সময়

জামালপুরে জলাবদ্ধতায় অনাবাদি ৩ হাজার একর জমি, খাল সংস্কারের দাবিতে মানববন্ধন

আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ও মেষ্টা ইউনিয়নের অন্তত ১২টি গ্রামের প্রায় ৩ হাজার একর ফসলি জমি বছরের পর বছর পানির নিচে ডুবে থাকায় অনাবাদি হয়ে পড়েছে। মূলত খাল ভরাট ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থার স্থায়ী সমাধান ও খাল সংস্কারের দাবিতে ভুক্তভোগী কৃষকরা সোমবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার জালিয়ারপাড় মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, উপজেলার তিতপল্লা ইউনিয়নের দিঘা বিলের পানি পূর্বে মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়, সাপলেঞ্জা হয়ে সরিষাবাড়ি উপজেলার জয়নগর বালুকা ব্রিজ দিয়ে আখড়া বিলে নেমে যেত। কিন্তু কয়েক বছর ধরে কিছু ব্যক্তি মাছ চাষের নামে খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে রেখেছে এবং জালিয়ারপাড় খালের অনেক জায়গা ভরাট করে ফেলেছে। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

এ কারণে সামান্য বৃষ্টিতেই বালুয়াটা, ডেফুলীবাড়ি, বুখুঞ্জা, দেউলিয়াবাড়ি, জালিয়ারপাড়, সাপলেঞ্জা ও কলতাপাড়াসহ অন্তত ১২ গ্রামের জমি পানির নিচে তলিয়ে যায়। প্রভাবশালীদের এ কর্মকাণ্ডে প্রায় ৩ হাজার একর উর্বর জমি বছরের পর বছর অনাবাদি থেকে যাচ্ছে।

কৃষক মাসুদুর রহমান বলেন, “আমাদের কাছ থেকে জমি লিজ নিয়ে প্রভাবশালী কিছু লোক মাছের খামার করছে। তারা বাঁধ দিয়ে পানি আটকে রাখায় আমাদের জমি ডুবে আছে। প্রায় ১২ বছর ধরে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু সমাধান পাইনি।”

আরেক ভুক্তভোগী জানান, প্রতিটি মৌসুমে জমি অনাবাদি থাকায় কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। সরকারিভাবে পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে কৃষি উৎপাদনে ভয়াবহ সংকট দেখা দেবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজকর্মী মাহবুবুর রহমান। এ সময় বক্তব্য দেন—তিতপল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ, মেষ্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তারুজ্জামান মাসুদ, ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু, হাফিজুর রহমান ও জালাল প্রমুখ। বক্তারা অপরিকল্পিত বাঁধ ও খাল ভরাটের সঙ্গে জড়িতদের শাস্তি এবং অবিলম্বে খাল খনন ও সংস্কারের দাবি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া যেতে পারে।”

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, “জলাবদ্ধতা সমস্যার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com