“চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করাই আমার লক্ষ্য”- মেয়র ডা. শাহাদাত হোসেন
ঠিক এক বছর আগে গত ৩ নভেম্বর ২০২৪ ইং তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিশিষ্ট রাজনীতিক ও চিকিৎসক ডা. শাহাদাত হোসেন। গতকাল সেই দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করলেন তিনি।
শপথের পর থেকেই নগর উন্নয়ন ও জনসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন এই নগরপিতা। যখন একটি শহর পানিতে ডুবে যায়, তখন উন্নয়ন চোখে পড়ে না, এই উপলব্ধি থেকেই মেয়রের প্রথম চ্যালেঞ্জ ছিল চট্টগ্রামের দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই মেয়র ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতাকে নগর উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করেন।
নগরীর পুরনো ও ঐতিহ্যবাহী খালগুলো পুনঃখনন, নতুন ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নালা-নর্দমা পরিষ্কার ও সংস্কারের কাজ অব্যাহত রেখেছেন তিনি।
চসিকের নিজস্ব তহবিলের পাশাপাশি সরকারি ও বেসরকারি সহযোগিতায় শুরু হয়েছে খাল পুনরুদ্ধার ও পানি প্রবাহের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রকল্প, যা ইতিমধ্যে নগরবাসীর স্বস্তি ফিরিয়ে এনেছে।
নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর না থাকা ছিল বড় চ্যালেঞ্জ।
মেয়র বলেন, দায়িত্বের শুরুতে ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকা আমার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবুও প্রশাসনের সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে কাজ চালিয়ে গেছি। নাগরিক সেবা যেন বন্ধ না হয়, সেদিকে ছিল সর্বোচ্চ নজর।
তিনি আরও বলেন, যেখানে দুর্নীতি দেখেছি, সেখানেই ব্যবস্থা নিয়েছি। কোনো অনিয়মের সঙ্গে আপস নয়।
সড়ক উন্নয়ন ও নগর অবকাঠামোতে নবজাগরণ,
চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে ওয়ার্ডের অন্দরমহল পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন মেয়র।
বছরের মধ্যে শতাধিক সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ ও ফুটপাত উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে।
একই সঙ্গে সড়কবাতি পুনঃস্থাপন ও আধুনিক এলইডি লাইট স্থাপন করে নিরাপদ রাতের শহর গড়ে তোলায় কাজ করছে চসিক।
সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়াই আমার স্বপ্ন, এমন অঙ্গীকার নিয়েই মেয়র ডা. শাহাদাত হোসেন শহরের বিভিন্ন স্থানে বনায়ন কর্মসূচি, নগর পার্ক সংস্কার, এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নগরীতে পরিচ্ছন্নতা বজায় রাখতে চসিকের উদ্যোগে ‘ওয়ান ওয়ার্ড, ওয়ান ডাস্টবিন’ প্রকল্প, ডিজিটাল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা, এবং নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে।
নগরবাসীর জন্য একটি সুন্দর শহরের অঙ্গীকার
নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, দুর্নীতি দমন, সড়ক সংস্কার ও জনস্বাস্থ্য ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, চট্টগ্রামকে গ্রীন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার। উন্নয়ন থেমে নেই, প্রতিটি নাগরিক যেন একটি সুন্দর ও বাসযোগ্য শহর পায় — সেই লক্ষ্যেই আমি কাজ করছি। এক বছরে মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রমে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা।
নগরবাসীর প্রত্যাশা— আগামী বছরগুলোতেও এই গতিধারা অব্যাহত থাকুক, চট্টগ্রাম হয়ে উঠুক সত্যিকারের “বন্দরনগরীর গর্ব”— একটি সবুজ, স্বাস্থ্যসম্মত ও আধুনিক মহানগরী।
Leave a Reply