চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি টহলরত পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন— আগ্নেয়াস্ত্র বহনকারী বা অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করতে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশ দেন কমিশনার। সিএমপির একাধিক সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কয়েক দফায় পৃথক নির্দেশনাতেই কমিশনার হাসিব আজিজ এই আদেশ দেন।
সূত্র মতে, কমিশনারের বেতারবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে—
“শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।”
এর পাশাপাশি টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশা শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জদের নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী চেকপোস্টের সংখ্যা সাতটি থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশও দেন তিনি।
কমিশনার পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার এবং দণ্ডবিধির প্রাসঙ্গিক বিধান স্মরণ করিয়ে দিয়ে বলেন, “সব দায়-দায়িত্ব আমি নিজে গ্রহণ করব।”
সিএমপির এ কঠোর নির্দেশ আসে সম্প্রতি নগরে টানা কয়েকটি গুলির ঘটনায় প্রাণহানির পরিপ্রেক্ষিতে। এর মধ্যে গত ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানাধীন খোন্দকারাবাদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। ওই ঘটনায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন।
নগরে নিরাপত্তা জোরদারে এ নির্দেশ বাস্তবায়নে পুলিশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply