গাজীপুরের শ্রীপুরে সাপের কামড়ে রিমা আক্তার নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
নিহত রিমা আক্তার (২৫) ওই গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে ও আলতাফ হোসেনের স্ত্রী। তাঁর তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়,’ ভোররাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে আহত হন গৃহবধূ রিমা আক্তার । বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হলেও কোনো ফল হয়নি। পরে হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচা মানিক মিয়া বলেন, সাপের কামড়ে প্রচন্ড ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে তাকে বাঁচানো যায়নি। তিনি আরো বলেন, এলাকায় প্রায়ই সাপ দেখা যায়। কিন্তু এত বড় সাপ এর আগে তারা দেখেননি। এ ঘটনায় তাঁরা ভয়ে আছেন।
গ্রামের লোকজন জানান, ঘটনার পরপরই ঘরে অন্তত পাঁচ হাত লম্বা একটি সাপ ঘুরতে দেখা যায়। সেটির ভিডিও ধারণ করলেও প্রজাতি শনাক্ত করা যায়নি। সাপটি মারতেও সাহস পাননি কেউ। এতে গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, “রাতে সাপে কামড় দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।”
Leave a Reply