লক্ষ্মীপুর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি ও লক্ষ্মীপুর–৪ আসনের তারা প্রতীকের প্রার্থী তানিয়া রব বলেছেন, ‘খালেদা জিয়াকে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। এই ভদ্রমহিলার যদি কিছু হয়ে যায়, বাংলাদেশটার কী হবে—কারো কি এ নিয়ে চিন্তা আছে? একটু ভেবে দেখবেন। শুধু লাফালাফি করে হবে না।’
সোমবার (৮ ডিসেম্বর) রাতে রামগতি উপজেলার আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তানিয়া রব বলেন, ‘আজ খালেদা জিয়ার নাম উচ্চারণ করলেই মনটা ভারী হয়ে আসে। মৃত্যুশয্যায় তিনি—প্রতিটি মানুষ তাঁর জন্য দোয়া করছে। আমরা তাঁর ছোট ছোট ভিডিও দেখি আর ভাবি, কত বড় ও ত্যাগী একজন মানুষ। আমরা অনেকদিন ধরে সংস্কার ও অংশীদারিত্বের রাজনীতির কথা বলে আসছি। সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাইছি। কিন্তু আমরা হাঁটছি অন্য পথে—বাঁকা পথে। সেই পথে থেকে সুশাসন আসতে পারে না।’
রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও সহিংসতার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলন করেছি। ফ্যাসিস্ট তাড়িয়েছি। আজ কী হলো? সভা করতে দেবেন না? মানুষ সমাবেশে আসবে না? পদে পদে বাধা কেন? আমাদের অফিসে ভাঙচুর, নারী নেত্রীদের ওপর হামলা—এসবের প্রকাশ্যে বিচার চাই। একজন রাজনৈতিক কর্মীর গায়ে হাত তুলতে আপনাদের হাত কাঁপে না? নিজেদের অফিসে খালেদা জিয়ার ছবি সরিয়ে রেখে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন।’
তিনি বলেন, ‘এত বাধা সত্ত্বেও মানুষ সভাস্থলে এসেছেন। প্রতিটি লড়াইয়েও আমরা এমনভাবেই এগিয়ে যাব।’
সভায় সভাপতিত্ব করেন জেএসডির রামগতি উপজেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অবিভক্ত রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডির রামগতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলুসহ স্থানীয় নেতারা।
প্রসঙ্গত, তানিয়া রব স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সহধর্মিণী। তিনি লক্ষ্মীপুর–৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপি–জোটের মনোনয়ন প্রত্যাশী।
এদিকে তাঁর নির্বাচনী সভায় যোগ দিতে আসার পথে নেতাকর্মীদের ওপর বিএনপি নেতা ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এবিএম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীদের হামলার অভিযোগ উঠেছে।
Leave a Reply