অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
বুধবার ০৬ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
৫ আগস্ট মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় প্রবেশ করবে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময়ে কোস্ট গার্ডের আভিযানিক দলটি ডাকাতির প্রস্তুতিকালে থাকা ডাকাতদলকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে।এ সময়ে আভিযানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে আভিযানিক দল ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।
আটককৃত ডাকাত মোঃ বাদশা গাজী ও মেহেদী হাসান উভয়ই খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।
আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply