গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পরপর কারখানায় কর্মবিরতি দিয়ে অবস্থানের পর এবার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড নামের একটি কারখানার কয়েক শতাধিক শ্রমিকেরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের শিমুলতলা এলাকায় ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে বেলা পৌনে এগারোটার দিকে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড নামক কারখানাটি উপজেলার বরমী ইউনিয়নের সিটপাড়া গ্রামে অবস্থিত।
থানা পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টা গার্ডেনিয়া লি: কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ওই কারখানার শ্রমিকরা। পরে সেখান থেকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের শিমুলতলা এলাকায় সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেন। এসময় মালিক পক্ষ বকেয়া বেতন চলতি মাসের ৩০ তারিখে পরিশোধ করার সিদ্ধান্ত নেন। এরপর শ্রমিকরা পৌনে ১১টার দিকে সড়ক থেকে সরে যায় ।
শ্রমিকরা জানায়, গত মাসে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও আগস্ট পর্যন্ত তা পরিশোধ করা হয়নি। এখন সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে। কর্তৃপক্ষ বার বার তারিখ ঘোষণা করছে। তাই বকেয়া বেতন এবং প্রতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন তারা । গত সপ্তাহে চলতি মাসে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে সেসময় কারখানার ভেতরের আন্দোলন স্থগিত করে কাজে অংশ নেন। কিন্তু মালিক পক্ষ তাদের কথা রাখেনি। তাই, সড়ক অবরোধ করাহয়েছে।
মাসুম মিয়া নামের এক শ্রমিক বলেন,’ আমাদের বাসা ভাড়া ও দোকান বাকির জন্য অপমানিত হতে হচ্ছে। কারখানায় কাজের টাকা দিয়েই সংসার চলে। এখন না খেয়ে মরার অবস্থা আমাদের। আন্দোলন ছাড়া তারা বেতন দিচ্ছে না।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,’বকেয়া বেতনের দাবিতে সকাল ৮ টায় শ্রমিকরা ওই সড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তাদের সাথে কথা বলে বকেয়া বেতন চলতি মাসের ৩০ তারিখে ১ মাসের বেতন এবং সেপ্টেম্বর মাসের বেতন আগামী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। পরে এ ফয়সালা মেনে নিয়ে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা। তারা। ১১টা থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
Leave a Reply