সাপে কাটা রোগীদের ভরসা পাশের উপজেলা হাসপাতাল
বর্ষা মৌসুম এলেই সাপের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সাপে কাটার খবর পাওয়া গেলেও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো নেই জরুরি বিভাগ ও সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। ফলে এই উপজেলায় সাপে কাটা রোগীদের চিকিৎসা নির্ভর করছে আনোয়ারা ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর।
স্থানীয় বাসিন্দা আব্দুল শুকুর বলেন,নামে মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলেও এখানে নেই জরুরি বিভাগ, নেই উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা। বাধ্য হয়ে আমাদের পাশের উপজেলা বা চট্টগ্রাম মেডিকেলে ছুটতে হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, গ্রামে সাপের কামড়ের ঘটনা বেশি হলেও সেখানকার চিকিৎসা ব্যবস্থা তুলনামূলকভাবে সীমিত। অনেকেই কুসংস্কারের কারণে প্রথমে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা নেন। এতে রোগীর অবস্থা জটিল হয়ে যায় এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে। তাই সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, কর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ নেই, অ্যান্টিভেনমও মজুদ নেই। তাই এখানে সাপে কাটা রোগী ভর্তি বা উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব নয়। নিকটবর্তী আনোয়ারা ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সুবিধা ও অ্যান্টিভেনম রয়েছে।
তিনি আরও জানান, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সাপে কাটা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে বিষধর সাপে কামড়ালে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার বিকল্প নেই। তিনি আরো জানান,“অ্যান্টিভেনম সময়মতো দিলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তাই সাপে কামড়ালে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটবর্তী হাসপাতালে যেতে হবে।”
প্রসঙ্গত,চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা থেকে ২০১৬ সালের ৯ মে পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়, যা দেশের ৪৯০তম উপজেলা। এর আয়তন ৫৫.৩৬ বর্গকিলোমিটার।
কর্ণফুলীতে নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ ক্রসিং এলাকায় ২৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের জন্য জমি চিহ্নিতকরণ, পরিমাপ এবং দখল সংক্রান্ত প্রাথমিক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে অতি শীঘ্রই এর ফিজিবিলিটি পরীক্ষা সম্পন্ন হবে বলে জানা গেছে।
Leave a Reply