এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) কেন্দ্রীয় নেতাদের ওপর বিদেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটির মহানগর অঙ্গসংগঠন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর দেশে-বিদেশে ধারাবাহিকভাবে হামলা হচ্ছে। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার ঘটনা সরকারের ব্যর্থতারই প্রমাণ।
বক্তারা বলেন, “ট্রাইব্যুনালের বাইরে সাধারণ আদালতে যেসব মামলা হয়েছে, সেগুলোয় আসামিদের সহজেই জামিন দেওয়া হচ্ছে। জামিনে বের হয়ে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। এখন দেশের বাইরে একই চিত্র দেখা যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের দায়িত্ব সরকারের। কিন্তু সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। তাদের অপসারণ করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”
সমাবেশে চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply