1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’: আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ - দৈনিক আমার সময়

এনবিআর কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’: আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আহŸানে গতকাল শনিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর ফলে রাজধানীসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রাখা হয়েছে। গতকাল শনিবার সকালে কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে জড়ো হতে শুরু করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারী। সকাল ১১টা পর্যন্ত রাজস্ব ভবনের সামনের সড়কে ছিল কর্মকর্তাদের উল্লেখযোগ্য উপস্থিতি। নিরাপত্তা নিশ্চিতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এবং সাঁজোয়া যানও রাখা হয়েছে। এদিকে, দেশের প্রধান কাস্টমস স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসেও শাটডাউনের প্রভাব পড়েছে ব্যাপকভাবে। সেখানে আমদানি-রফতানি পণ্যের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে। কর্মকর্তারা উপস্থিত থাকলেও কেউ কার্যক্রমে অংশ নিচ্ছেন না। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কাস্টমস হাউসের এক কর্মকর্তা বলেন, কর্মবিরতির সময় কিছু কাজ চললেও গতকাল শনিবার থেকে কমপ্লিট শাটডাউন হওয়ায় সব কার্যক্রম বন্ধ। কর্মকর্তারা কেউই কাজে অংশ নিচ্ছেন না। চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম অ্যাফেয়ার্স সেক্রেটারি রেজাউল করিম স্বপন বলেন, আমরা আগেই সিঅ্যান্ডএফ এজেন্টদের বিষয়টি জানিয়েছিলাম। ফলে তারাও কাস্টম হাউসে আসেননি। কার্যত আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। অন্যদিকে, ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা জানান, এখানেও আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কাজ বন্ধ রয়েছে। আন্দোলনকারী কর্মকর্তারাও জানিয়েছেন, আন্তর্জাতিক যাত্রীসেবা সচল থাকবে, তবে অন্যান্য কার্যক্রমে কেউ অংশ নেবেন না। উল্লেখ্য, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। পরিষদের সহ-সভাপতি মির্জা আশিক রানা বলেন, এটি পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। রাজস্ব প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার ও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে, আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে আমদানি-রফতানি কার্যক্রমে জট সৃষ্টি হওয়ার পাশাপাশি সরকারি রাজস্ব ঘাটতিও প্রকট হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com