1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আশিকের নেশার টাকা জোগাতে কুড়ানো তাল নেওয়ায় নারীকে খুন - দৈনিক আমার সময়

আশিকের নেশার টাকা জোগাতে কুড়ানো তাল নেওয়ায় নারীকে খুন

আলফাজ সরকার আকাশ ,গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে তাল কুড়ানোকে কেন্দ্র করে কমলা বেগম নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় জড়িত আশিক নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে তাকে আটক করার কথা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।
আটক যুবকের নাম আশিক (২৫)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত কমলা বেগম (৫২) একই গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আশিক দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। সে তাল কুড়ানোর টাকায় মাদক ক্রয় করে সেবন করতো। এ জন্য অন্য কাউকে তাল কুড়াতে দিতে চাইতো না। কমলা বেগম মাঝেমধ্যে ওইদিকে তাল কুড়াতে গেলে আশিক ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। শুক্রবার (২৯ আগস্ট) সকালের দিকে কমলা বেগম তাল কুড়ানোর জন্য গেলে সুযোগ বুঝে কমলা বেগমকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং কোদাল দিয়ে গলা কেটে হত্যা করে। পরে লাশ গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে ঝোপঝাড় ও গাছগাছালি দিয়ে ঢেকে রাখে। কমলা বাড়ি না ফেরায় বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে স্বজনেরা স্থানীয়দের নিয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ল ওই স্থানের মাটির নিচে কাপড়ের অংশ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে গলা কাটা লাশ উদ্ধার করে।
নিহতের পুত্রবধূ বলেন,’ প্রতিদিনের মতো তাল কুড়াতে গিয়েছিলেন আমার শ্বাশুড়ি। কিন্তু আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। পরে এক জায়গায় মাটির নিচে কাপড়ের অংশ দেখা যায়। সেখান থেকেই সন্দেহ হয়। পুলিশ এসে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে।’
নিহতের স্বামী কদম আলী বলেন,’আমি মানুষের বাড়ীতে কৃষি কাজ করি। ছেলে এবং ছেলের বউ পোশাক কারখানায় চাকরি করে। আমার স্ত্রী বাড়ীতে থেকে নাতিদেরকের দেখাশুনা করে। সামান্য তালের জন্য আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করলো। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও ঘটনার পর থেকেই শ্রীপুর থানা পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ে তারা আসামি শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও কোদাল উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘এটি একটি অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। তাল কুড়ানোকে কেন্দ্র করেই গ্রেপ্তারকৃত আশিক বৃদ্ধা কমলা বেগমকে হত্যা করে মাটিচাপা দেয়। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালায় এবং আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com