লক্ষ্মীপুর শহরের আঞ্চলিক মহাসড়কগুলো বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি নির্মাণকাজে ব্যবহৃত ইটের সলিং এবং নিয়মিত পানি না ছিটানোর ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ঘন ধুলার স্তর। এতে করে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরেই শহরের প্রধান সড়কসহ বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে চলমান উন্নয়নকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এর ফলে ধুলাবালি ছড়াচ্ছে চারপাশে। প্রতিদিন এই ধুলার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষই নানা ধরনের শ্বাসকষ্ট ও এলার্জিতে আক্রান্ত হচ্ছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর নির্দেশনা দেওয়া হয়েছে, তবে মাঝে মাঝে এর বাস্তবায়নে ঘাটতি থাকে। ঝুমুর থেকে জকসিন সড়কে কাজ চলছে।’
তবে পরিবেশ সচেতন নাগরিকেরা বলছেন, উন্নয়নকাজ হোক, তবে তা যেন মানুষের জীবনের ঝুঁকি না বাড়ায়। তারা অবিলম্বে সড়ক সংস্কার কাজের গুণগতমান নিশ্চিত করা ও ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply